সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (বিশেষ) এবং বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় প্রায় কোটি টাকার উন্নয়ন সহায়তা, নগদ অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি সৌর প্যানেল, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুল ব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের জন্য ৬টি ভ্যানসহ দোকানঘর, শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০ জোড়া বেঞ্চ, ১২০টি সিলিং ফ্যান, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, দরিদ্র পরিবারের জন্য ১২টি নলকূপ এবং ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৫০ লাখ টাকা, স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা এবং সমাজকল্যাণ অধিদপ্তরের আওতায় ২০টি অসহায়, অসুস্থ ও দুঃস্থ পরিবারের মধ্যে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। নিহত ও দরিদ্র-অসহায় ২০টি পরিবারের হাতে আরও ৪ লাখ টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।