সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তবে ওই সময় কি কারণে তিনি সেখানে গিয়ে ছিলেন সে বিষয়ে জানা যায়নি।
তবে স্থানীয়রা বলছেন নিহত যুবক গতরাত আনুমানিক ৩টার সময় মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে সে মারা যান।
নিহত যুবকের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা তার বাড়িতে গিয়েছি এবং তাৎক্ষণিক পুলিশ ও বিজিবিকে অবগত করা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়।
সিলেট ৪৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ মিনহাজ উদ্দিন। সেখানে বসবাসকারী খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে যাওয়ার পথে মিনহাজ মারা যান। বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।