রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেব চন্দ্র দাস (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব। তবে শুধু গ্রেপ্তারে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালে চারঘাট স্লুইসগেট এলাকায় ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন জুমার নামাজের পর চারঘাট মডেল মসজিদ চত্বরে মুসল্লিরাও মানববন্ধন করেন। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান তারা।
মানববন্ধনে নেতৃত্ব দেওয়া বাশিরুল ইসলাম বলেন, এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এমন অপরাধ কমবে না। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়, সেজন্য দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
এর আগে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেব চন্দ্র দাসকে গ্রেফতার করে র্যাব-৫। তিনি চারঘাট উপজেলার আরজিসাদীপুর হঠাৎপাড়া গ্রামের জয় চন্দ্র দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দেব কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে তার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
একপর্যায়ে শিশুটির মা প্রতিবেশীর বাড়ির বারান্দায় তাকে আহত ও কান্নারত অবস্থায় দেখতে পান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত সঠিক বিচার নিশ্চিত করবেন। এলাকাবাসীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।