ডিপফেকের শিকার প্রীতি জিনতা, বিকৃত ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

বিনোদন

ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বোম্বে হাইকোর্ট। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ডিপফেক

2026-07-10T18:34:44+00:00
2026-07-10T18:34:44+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
বিনোদন
ডিপফেকের শিকার প্রীতি জিনতা, বিকৃত ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম 
প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত
ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বোম্বে হাইকোর্ট। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ডিপফেক ভিডিও, বিকৃত ছবি ও মরফড কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ ধরনের কনটেন্টকে ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়েছেন বিচারপতিরা।

সম্প্রতি প্রীতি জিনতা বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে তাঁর নামে এআই ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, বিকৃত কনটেন্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কনটেন্ট দ্রুত অপসারণের নির্দেশনা চেয়ে প্রীতি আদালতের দ্বারস্থ হন। শুধু তাই নয়, অভিনেত্রী আরও আবেদন করেন, ভবিষ্যতে তাঁর বিনা অনুমতিতে এই রকম ছবি ও ভিডিও যাতে ব্যবহার না করা হয়। প্রীতির করা এই মামলায় গুগল, মেটাসহ একাধিক সংস্থা, কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম উল্লেখ ছিল।

গত বুধবার বিচারপতি মাধব জামদারের বেঞ্চ এ মামলার শুনানি শেষে প্রীতির পক্ষে রায় দেন। আদালত অবিলম্বে ইন্টারনেটে থাকা সব ভুয়া ভিডিও, মরফড ছবি ও অনুমতি ছাড়া তৈরি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

রায়ে আদালত বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও সতর্ক করে আদালত বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। সময়মতো পদক্ষেপ না নিলে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার দায় তাদেরও বহন করতে হবে।

প্রীতি জিনতার আইনজীবী আদালতে জানান, প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে রয়েছে। এসব কনটেন্টে অভিনেত্রীর চেহারা ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ও সুনামের ক্ষতি করতে পারে।

আদালত পর্যবেক্ষণে বলেন, প্রীতি জিনতা গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রশিল্পে কাজ করছেন এবং নিজের একটি শক্তিশালী পরিচিতি গড়ে তুলেছেন। তাই তাঁর ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার তাঁর ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকার লঙ্ঘন করে।

রায়ে আরো উল্লেখ করা হয়, বিষয়টি ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও সম্পর্কিত।
এদিকে দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বলিউডে ফিরছেন। ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন হচ্ছে। ছবিতে তাঁর সহশিল্পীরা হলেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলসহ আরো অনেকে। আমির খান প্রযোজিত ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা।


  বিষয়:   ডিপফেকের শিকার  প্রীতি জিনতা  ভিডিও সরানোর নির্দেশ  হাইকোর্ট 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: