বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনাকে ঘিরে রেফারিং বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আলোচিত লড়াইয়ে নতুন করে যোগ হলো আরেকটি বিতর্কের রেশ। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগিজ রেফারি হোয়াও পিনহেইরো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তার কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই সমালোচনা রয়েছে। ফলে ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ফিফার এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের একাংশ প্রশ্ন তুললেও, কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিরপেক্ষ ও নিখুঁত রেফারিং নিয়েই এখন সবার নজর।
ফিফার ঘোষণায় জানানো হয়েছে, কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মূল রেফারি থাকবেন হোয়াও পিনহেইরো। তাকে সহায়তা করবেন স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন কানাডার ড্রু ফিশার।
এবারের বিশ্বকাপে এটি হবে পিনহেইরোর প্রথম আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা। এর আগে তিনি গ্রুপ পর্বে সুইজারল্যান্ড–বসনিয়া ম্যাচে দায়িত্ব পালন করেন, যেখানে সুইসরা ৪-১ গোলে জয় পায়। সেই ম্যাচে তিনি তিনটি হলুদ কার্ড ও বসনিয়ার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন।
পর্তুগালের ভিলা নোভা দে ফামালিকাওয়ে জন্ম নেওয়া পিনহেইরো ২০১৫ সালে দেশটির শীর্ষ লিগে রেফারিং শুরু করেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন। ২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর নকআউট পর্বের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচেও বাঁশি বাজিয়েছেন তিনি।
তবে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগে। ওই ম্যাচে বক্সের ভেতরে পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেসের হাতে বল লাগার অভিযোগে বায়ার্ন পেনাল্টির জোরালো দাবি জানালেও পিনহেইরো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ভিএআর থেকেও তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়নি। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন পিনহেইরো। এ সময়ে তিনি ১,৮৮৬টি হলুদ ও ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। প্রতি ম্যাচে তার গড় হলুদ কার্ডের সংখ্যা ৪.৪৮।
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের এই হাইভোল্টেজ লড়াইয়ে খেলোয়াড়দের পাশাপাশি হোয়াও পিনহেইরো ও তার রেফারিং দলের পারফরম্যান্সও থাকবে সমর্থক ও বিশ্লেষকদের বিশেষ নজরে।