ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় আসছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস, মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী প্রায় ১৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা) আয় করতে পারে ছবিটি।
২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বজুড়ে দারুণ সাফল্য অর্জন করেছিল। সেই জনপ্রিয়তাকেই ভিত্তি করে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণ নির্মাণ করেছে ডিজনি। এবার নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়া। আর দর্শকপ্রিয় চরিত্র মাউই হিসেবে আবারও ফিরছেন হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন।
নতুন সংস্করণেও উঠে আসবে প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার সংগ্রামের গল্প। আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট, পরিচিত গান এবং আবেগঘন কাহিনির কারণে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
বিশ্লেষকদের ধারণা, উত্তর আমেরিকার বাজার থেকেই ছবিটি প্রায় ৬ কোটি ডলার আয় করতে পারে। বাকি আয় আসবে আন্তর্জাতিক বাজার থেকে, যেখানে লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে ছবিটির ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী ৬৮ কোটির বেশি ডলার আয় করেছিল। পরে ডিজনি প্লাসেও এটি দীর্ঘ সময় ধরে বিপুল দর্শকপ্রিয়তা পায়। এছাড়া এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে।
আগের দুই কিস্তির সাফল্যের ধারাবাহিকতায় লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও বিশ্বব্যাপী বড় ব্যবসা করবে বলে আশাবাদী নির্মাতারা। এখন দেখার বিষয়, অ্যানিমেশনের সেই জাদু বাস্তব রূপে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।