মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন ডেস্ক

বিনোদন

দুই বছর আগে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানো ‘অর্ধাঙ্গিনী’র গল্প এবার নতুন অধ্যায়ে পা রাখল। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও

2026-07-10T17:02:26+00:00
2026-07-10T17:02:26+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
বিনোদন
মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
দুই বছর আগে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানো ‘অর্ধাঙ্গিনী’র গল্প এবার নতুন অধ্যায়ে পা রাখল। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ শুক্রবার (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগের ছবির মতো এবারও ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্পর্কের টানাপড়েন, দাম্পত্যের সংকট, অতীতের ক্ষত এবং মানুষের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন এই চলচ্চিত্র। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই সেই আভাস মিলেছে। সেখানে দেখা যায়, বিয়ের পরও মেঘনা ও সুমনের সংসারে সুখ আসে না। অতীতের স্মৃতি, অবিশ্বাস ও মানসিক দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভাঙনের দিকে ঠেলে দেয়।

গল্পের আবেগঘন এক পর্যায়ে নিজের ভেঙে পড়া সংসার বাঁচাতে সুমনের সাবেক স্ত্রী শুভ্রার কাছে সাহায্য চান মেঘনা। প্রথম ছবিতে যেখানে শুভ্রা ও মেঘনার দ্বন্দ্ব ছিল কাহিনির মূল আকর্ষণ, সেখানে এবার তাদের সম্পর্কের সমীকরণে এসেছে ভিন্ন মাত্রা।

নিজের চরিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেন, কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।

এবারের ছবিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। গল্পে তার চরিত্র ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তিনি কি শুধুই মেঘনার বন্ধু, নাকি তার উপস্থিতি সম্পর্কের নতুন কোনো মোড় আনবে—সেই উত্তর মিলবে সিনেমাতেই।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্ক, ভালোবাসা, দায়িত্ববোধ ও ব্যক্তিগত টানাপড়েনের এক আবেগঘন গল্প। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ছবিটিতে কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

নতুন ছবির গল্প শুরু হয়েছে প্রথম পর্বের কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে। নির্মাতা জানিয়েছেন, একটি বিয়ে এবং তাকে ঘিরে পুরোনো-নতুন সম্পর্কের জটিল সমীকরণ এবার কাহিনির কেন্দ্রবিন্দু। পাশাপাশি চরিত্রগুলোর অজানা অনেক দিক উন্মোচিত হবে। বিশেষ করে মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন সংকট গল্পে নতুন মাত্রা যোগ করবে।

ছবিটি নিয়ে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী’ ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।

উল্লেখ্য, গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার ছবিটি আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: