রাইস মিলে ডাকাতি গড়ায় হত্যায়, পুলিশের জালে দুই অভিযুক্ত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে একটি রাইস মিলে ডাকাতির সময় মিল পাহারায় থাকা মিলের মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে

2026-07-10T16:41:28+00:00
2026-07-10T16:41:28+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
রাইস মিলে ডাকাতি গড়ায় হত্যায়, পুলিশের জালে দুই অভিযুক্ত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম 
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জে একটি রাইস মিলে ডাকাতির সময় মিল পাহারায় থাকা মিলের মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ডাকাতি ও হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিহত মোহাম্মদ আলী খাবার শেষে আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন তার রাইস মিলে পাহারা দিতে যান। ওই রাত আনুমানিক দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরি করতে আসে। এসময় মোহাম্মদ আলী বিষয়টি টের পেলে ডাকাতরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলায় পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের ভাষ্য, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএমের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানের সার্বিক সহযোগিতায় একটি বিশেষ দল তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুটখোর গ্রাম থেকে শফিকুল ইসলাম এবং একইদিন সন্ধ্যায় কাঠগড়া গ্রাম থেকে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ড ও ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তারা ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক ব্যক্তির নাম-পরিচয়ও দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


  বিষয়:   রাইস মিল  ডাকাতি গড়ায় হত্যা  পুলিশের জালে দুই অভিযুক্ত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: