গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র জামালপুর গ্রাম যেন বছরের পর বছর অবহেলার শিকার। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। রাস্তাঘাট, বসতবাড়ি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পানিবন্দি এলাকার বাসিন্দা ও পলাশবাড়ী শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার বলেন, ‘পৌরবাসী নিয়মিত পৌর কর, ভূমি করসহ সব ধরনের সরকারি কর পরিশোধ করলেও ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।’
স্থানীয় সুমনের ভাষ্য, দীর্ঘদিন ধরে জামালপুর এলাকায় সরকারি বা বেসরকারি কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাট সংস্কার না হওয়ায় এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। নতুন নতুন ভবন নির্মাণের ফলে পুরোনো রাস্তা ও বসতবাড়ি আরো নিচু হয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
এলাকাবাসীর পক্ষে নয়ন নীরব অভিযোগের সুরে বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিটি বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ আরো বাড়ছে।
সম্ভব্য কাউন্সিল প্রার্থী সাইফুল বলেন, দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে জরুরি প্রকল্প গ্রহণ করা হোক। অন্যথায় সামান্য বৃষ্টিতেই পৌর শহরের প্রাণকেন্দ্রের এমন দুর্দশা ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নিতে পারে।
এলাকাবাসীর পক্ষে আজাদুল আকন্দের প্রশ্ন—নিয়মিত কর পরিশোধের পরও যদি মৌলিক নাগরিক সেবা না মেলে, তাহলে সেই করের সুফল কোথায়? এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।