টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার দুর্গম বমু বিলছড়ি ইউনিয়নের বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগের সময়ে সমাজসেবক সাইফুল ইসলাম নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক পরিবার খাবারের সংকটে পড়ে। এ অবস্থায় সাইফুল ইসলাম নিজেই কাঁধে খাদ্যসামগ্রীর বস্তা বহন করে নৌকাযোগে দুর্গম এলাকায় গিয়ে অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণ পৌঁছে দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে তাকে রাতের অন্ধকারেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দুর্গত এলাকার বাসিন্দারা জানান, বন্যার কারণে বাজারে যাওয়া কিংবা প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সাইফুল ইসলামের এই উদ্যোগ অনেক পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে। তারা বলেন, শুধু ত্রাণ পাঠিয়েই নয়, তিনি নিজে উপস্থিত থেকে মানুষের খোঁজখবর নিয়েছেন, যা তাদের কাছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বমু বিলছড়ির কোনো মানুষ যেন অনাহারে না থাকে এবং সবাই নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছি।
তিনি আরও জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় নিজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। এই অর্থ বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর জরুরি সহায়তায় ব্যয় করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল ও বন্যাদুর্গতরা সাইফুল ইসলামের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত। তারা তার এ উদ্যোগের সফলতা কামনা করেন।