আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আবারও ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি নিজের দৃঢ় সমর্থনের কথা তুলে ধরে নিজেকে বিশ্বের ‘সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান’ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইয়েশিভা ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিলেই বলেন, ইসরায়েলের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থনের কারণেই বিভিন্ন রাজনৈতিক তাত্ত্বিক তাঁর সমালোচনা করছেন। বিশেষ করে কট্টর উদারতাবাদী (লিবার্টারিয়ান) চিন্তাবিদ হান্স-হারম্যান হোপের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক হওয়ায় হোপে বিরক্ত।” এরপর উপস্থিত দর্শকদের করতালির মধ্যে তিনি নিজেকে গর্বিত জায়নবাদী হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, তিনিই বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান।
বক্তৃতায় মিলেই রাজনৈতিক অবস্থানের পাশাপাশি নিজের দার্শনিক দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন। তাঁর ভাষ্য, পশ্চিমা সভ্যতার মৌলিক তিন ভিত্তি—জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকার—তাওরাত (তোরাহ) ও বাইবেলের ‘টেন কমান্ডমেন্টস’ বা ‘দশ আদেশ’-এর ওপর প্রতিষ্ঠিত।
নিজেকে একজন ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া মিলেই দীর্ঘদিন ধরেই ইহুদি ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময় তিনি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পাশাপাশি ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য ইস্যুতে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিকে আরও স্পষ্টভাবে ইসরায়েলমুখী করেছেন মিলেই। তাঁর সাম্প্রতিক এই মন্তব্যও সেই অবস্থানেরই পুনর্ব্যক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।