ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামধন নগর এলাকায় একটি কালভার্ট নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, রডের পরিবর্তে বাঁশ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়েছে, যা খালি চোখেই দৃশ্যমান।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘আজমপুর জলিল মিয়ার বাড়ির পাশে কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি ১ম কিস্তি) থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের দৈর্ঘ্য ৩.৭০০ মিটার এবং প্রস্থ ২.১০০ মিটার।
প্রকল্পের সাইনবোর্ডে এটি ৭ নম্বর ওয়ার্ডের প্রকল্প হিসেবে উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, নির্মাণকাজটি বাস্তবে ৪ নম্বর ওয়ার্ডের রামধন নগর এলাকায় করা হচ্ছে। বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
প্রকল্পের সভাপতি হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফিরুজ মিয়া এবং সেক্রেটারি হিসেবে সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগমের নাম উল্লেখ রয়েছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক কফিল উদ্দিন মাহমুদ। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মেসার্স আজম শাহ এন্টারপ্রাইজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার নাম সাইনবোর্ডে উল্লেখ রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সংস্কার বা নির্মাণকাজের নামে নিম্নমানের কাজ করা হয়েছে। তারা বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন সভাপতি ইউনিয়ন সদস্য ফিরোজ মিয়ার সাথে আলাপ হলে তিনি গণমাধ্যম কর্মীকে জানান আমি তদারকি করে কাজটি করেছি কাজটি ভালো করে করা হয়েছে বলে তিনি দাবি করেন।