গত ৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে দিনদুপুরে মারধর ও ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা সত্য নয়। এটা সাজানো নাটক ও বানোয়াট বলে জানিয়েছেন উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন।
বুধবার (৮ জুলাই) বিকাল ৪টায় সিংড়া মাদরাসা মোড় এলাকায় একটি রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুন ফেসবুক লাইভে এসে সিংড়া বাজারের মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের কাছ থেকে যে টাকা লেনদেনের কথা বলেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে জাকির হোসেন জানিয়েছেন ২ থেকে ৩ মাসের মধ্যে মামুনের সঙ্গে কোনো টাকা লেনদেন হয় নাই। আমার কাছে জাকির হোসেনের বক্তব্যের রেকর্ড আছে। এমনকি জাকির ট্রেডার্সের দোকানে স্থাপন করা সিসি ফুটেজে ওই তারিখে টাকা লেনদেন তো দূরের কথা অভিযোগকারী মামুনের কোনো দৃশ্যমান নাই।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জয়নাল আবেদীন আরো জানান, আমি মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই প্রতিপক্ষ আমাকে এবং আমার লোকজনকে জড়িয়ে এই মিথ্যা নাটক সাজিয়েছে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে শেরকোল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।