হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত চালকের হলো ইউনিক বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫০) কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।