আর্জেন্টিনা সমর্থকদের জন্য আজ হতাশার খবর। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ বড়পর্দায় আর্জেন্টিনা–মিশর ম্যাচের সম্প্রচার স্থগিত করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা নির্ধারিত ভেন্যুগুলোতে একসঙ্গে বসে ম্যাচটি উপভোগ করতে পারবেন না।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ বড়পর্দায় সম্প্রচারের আয়োজন সাময়িকভাবে বাতিল করা হয়। সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী আবারও বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার শুরু হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ বলেন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের আয়োজন স্থগিত করা হয়েছে।
অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তাদের অনুপ্রাণিত করেছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা সম্ভব নয়। তাই পরিস্থিতি বিবেচনায় আজকের আয়োজন বন্ধ রাখা হয়েছে।
খেলা দেখতে টিএসসিতে আসার প্রস্তুতি নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর বলেন, বন্ধুদের সঙ্গে বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখার পরিকল্পনা ছিল। আয়োজন স্থগিত হওয়ায় হতাশ হলেও নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তটিকে তিনি সঠিক বলে মনে করেন।
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বড়পর্দায় বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। আজ আয়োজন বন্ধ হওয়ায় খারাপ লাগলেও আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে সেই পরিবেশ আবার ফিরে আসবে বলে তিনি আশা করছেন।
আয়োজকরা বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আবহাওয়া অনুকূলে ফিরলে বুধবার থেকে পাঁচটি ভেন্যুতেই নিয়মিতভাবে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার পুনরায় শুরু হবে বলেও জানিয়েছেন।