বিশ্ব ফুটবলের দুই ভিন্ন মহাদেশের দুই শক্তিধর দল আর্জেন্টিনা ও মিশর। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এখন পর্যন্ত মাত্র একবারই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল দল দুটি। সেই ম্যাচে কে হাসি নিয়ে মাঠ ছেড়েছিল, আর কী ছিল ফলাফল—বিশ্বকাপের আবহে নতুন করে আলোচনায় এসেছে সেই স্মৃতি।
মিশরের বিপক্ষে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষেলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মিশর বা আর্জেন্টিনা যে দলই জিতবে, তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। তাই উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের আসরে এর আগে কখনও মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও মিশর। তাই এবারই বিশ্বকাপের আসরে প্রথমবার মুখোমুখি হচ্ছে দল দুটি। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের দেখা হয়েছিল।
২০০৮ সালে মিশরের রাজধানী কায়রোতে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে মিশরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। তাই জয়-পরাজয়ের হিসেবে মিশরের বিপক্ষে নামার আগে বাড়তি মনস্তাত্ত্বিক সুবিধা পাবে মেসি বাহিনী।
এদিকে বিশ্বকাপের আসরে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ অপরাজিত আছে আর্জেন্টিনা। এরমধ্যে চলতি আসরে আফ্রিকার দুটি দলের বিপক্ষে জয়ও আছে। এই আসরে আলজেরিয়াকে ৩-০ ও কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
অবশ্য আজকের ম্যাচে মেসিদের সামনে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে। এই ম্যাচ জিতলে নতুন এক ইতিহাস গড়বে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোনো একটি আসরে এখন পর্যন্ত আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা তিন ম্যাচ জেতেনি কোনো দলই। তাই আর্জেন্টিনা ও মিশর দুই দলের সামনেই রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি।