মিশরের সামনে এবার বিশ্বকাপের সবচেয়ে কঠিন পরীক্ষা। অপরাজিত থেকে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া আফ্রিকার দলটি এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কঠিন প্রতিপক্ষ হলেও ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর লড়াই। এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার-ফাইনালে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।
ইতোমধ্যেই বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি নকআউট পর্বেও প্রথম জয়ের স্বাদ পেয়েছে মিশর। এবার আর্জেন্টিনাকে হারাতে পারলে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করবে ফারাওরা।
তবে কাজটি মোটেও সহজ নয়। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করেছে। অন্যদিকে মিশরের রক্ষণভাগও দারুণ দৃঢ়। চলতি বিশ্বকাপে চার ম্যাচের একটিতেও তারা একটির বেশি গোল হজম করেনি।
সব মিলিয়ে শেষ ষোলোর এই লড়াই জমজমাট হওয়ার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। আর ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মিশর কোচ হোসাম হাসান।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের বড় লক্ষ্য রয়েছে এবং আমরা জানি, ম্যাচটি কোনো দলের জন্যই সহজ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, তবে তাদের ভয় পাই না।’
কোচ হিসেবে মিশরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়ি জীবনেও সফল ছিলেন হোসাম হাসান। জাতীয় দলের হয়ে ৬৯ গোল করে এখনও দেশটির সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন তিনি।
তবে সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি রয়েছেন মিশরের বর্তমান তারকা মোহামেদ সালাহ। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৬৮ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করতে পারলেই মিশরের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার নতুন রেকর্ড গড়বেন সালাহ।
তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হোসাম হাসান। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবেও আরও সাফল্য পেয়ে আনন্দিত। আমাদের লক্ষ্য মিশরের মানুষকে তাদের জাতীয় দল নিয়ে গর্বিত করা এবং সেই লক্ষ্য পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’