জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে জয়পুরহাটগামী একটি অটোরিকশা বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন পাঁচবিবি শহরের অটোরিকশাচালক তৌহিদ হোসেন এবং পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের এক অজ্ঞাত নারী যাত্রী।
আহত পাঁচজনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির নাম জানা গেছে। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান। একই সঙ্গে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।