চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোল্ট কাটার, লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র ও হাঁসুয়াসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে আম ব্যবসায়ীর পরিচয়ে কয়েকজন ব্যক্তি ভাড়া নিয়ে অবস্থান করছে। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে অস্ত্রসহ আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেটবিহীন একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ঝিনাইদহের ইমরান হোসেন (২২), কুষ্টিয়ার সাইফুল মণ্ডল (৪০) এবং পাবনার মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। সকলেই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুধার ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।