পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের মাধ্যমে ট্যুর প্যাকেজ বুকিং এবং পর্যটন ভিসা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে, ফলে পুরো প্রক্রিয়াটি হবে আরও দ্রুত, স্মার্ট এবং ব্যবহারবান্ধব।
নতুন এই ব্যবস্থায় ভ্রমণকারীরা একই সঙ্গে ফ্লাইট, হোটেল এবং পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। আলাদা করে বিভিন্ন ধাপে আবেদন করার প্রয়োজন হবে না, ফলে সময় ও ঝামেলা—দুটিই কমবে।
শুধু ফ্লাইট ও আবাসনের বুকিং নয়, পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি, বিভিন্ন অনুষ্ঠান এবং পর্যটন কার্যক্রমও একই বুকিংয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশসহ কয়েকটি নির্বাচিত দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করা হয়েছে।
সৌদি আরবের পর্যটন খাতকে আরও সহজলভ্য, আধুনিক এবং ভ্রমণবান্ধব করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দেশটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা সুবিধাও চালু করেছে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালুর ফলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ঐতিহ্য, আধুনিকতা এবং বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণের কারণে সৌদি আরব হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।