ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার একটি সীমান্ত পয়েন্টে পৃথক দুটি অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।
প্রথম অভিযানে সীমান্ত অতিক্রমের সময় ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করে পুলিশ।
অভিযানকালে সীমান্ত পারাপারে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে অনিয়মিত অভিবাসনের অন্যতম পথ হিসেবে পরিচিত ‘বলকান রুট’। বসনিয়া এই রুটের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ কম।