ভারতের কেরালায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিটির পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। সংঘর্ষের পর প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গাড়িতে আটকে পড়াদের বের করতে দমকলকর্মীরা প্রাইভেটকারের একটি অংশ কেটে ফেলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা সবাই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি মরদেহগুলো উদ্ধারের ব্যবস্থা করে পুলিশ।
প্রাইভেটকারটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, চালকের কোনো ভুল ছিল কি না কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।