যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়।
নিহত তিন পাইলট হলেন, মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট এবং হোসেইন মাহদাভিয়ান বিমানবাহিনীর পাইলট ছিলেন।
তবে তারা ইরানের কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। হামলার সময় তারা কোনো যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
এর আগে নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছিল ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হন।
এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম।
ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাকেও মার্কিন হামলার সঙ্গে যুক্ত করেছেন। তবে নৌবাহিনীর নিহত ছয় সদস্য খুজেস্তানে নিহত সাতজনের তালিকায় অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।
সূত্র: এএফপি, ইরান ইন্টারন্যাশনাল