ভয়াবহ বন্যায় যখন চারপাশে ধ্বংসযজ্ঞ, তখন নেপালে মিলেছে স্বস্তির এক বিরল খবর। দেশটির রসুয়া জেলার দুর্গম বন্যাকবলিত এলাকা থেকে মাত্র ৪৫ দিনের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রসুয়া জেলার দুর্গম এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাকে রসুয়া ধাঙ্গে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বন্যার ভয়াবহতার মধ্যে শিশুটিকে উদ্ধারের দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। মাত্র দেড় মাস বয়সী শিশুটির এমন দুর্যোগের মধ্যেও জীবিত থাকার ঘটনাকে অনেকেই অলৌকিক বলে অভিহিত করছেন।
নেপালের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ভারী বৃষ্টি ও পানির স্রোতে বেশ কিছু এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। এর মধ্যেই দুর্গম এলাকা থেকে ৪৫ দিনের শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার মধ্যেও শিশুটির নিরাপদ উদ্ধারের ঘটনা নেপালে আশার একটি প্রতীক হয়ে উঠেছে।