
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে স্থগিতাদেশটি কার্যকর নেই। ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা এখন অভিবাসী ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।
এর আগে ২১ জানুয়ারি বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছিল মার্কিন প্রশাসন। তবে এ সময়ে ভিসার আবেদন জমা ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ ছিল।
যুক্তরাষ্ট্রের দাবি ছিল, দেশটিতে প্রবেশের পর অভিবাসীরা যেন সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে ভিসা যাচাইয়ের নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
তবে গত ২১ আগস্ট ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালত ওই নীতিকে অবৈধ ঘোষণা করেন। বিচারক জ্যানেট ভার্গাস বলেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করার সিদ্ধান্ত বিদ্যমান অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
আদালতের রায়ের পরই ৭৫ দেশের নাগরিকদের জন্য জারি করা ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্যও অভিবাসী ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।