সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে মধ্যরাতে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহ আলম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে।
এ সময় আরও একজন অপ্রাপ্তবয়স্ককে আটক করা হলেও আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এতে সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই রাজীব রায়, পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।