হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশ থেকে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল।
খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। তার জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। ভবিষ্যতেও শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সড়কের পাশে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।