মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা ধামরাই থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদ, সোমভাগ ইউনিয়ন পরিষদের বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।