দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের কথোপকথনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের অভিযোগ, তথ্য ও সাক্ষাৎকার নিতে এলে তাকে 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করা উচিত বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি সামিউল ইসলাম আরিফ তথ্য সংগ্রহের জন্য সেখানে গেলে কর্মকর্তা দাপ্তরিক শিষ্টাচারের প্রসঙ্গ তুলে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একই গ্রেডের কর্মকর্তা। তাই ইউএনওকে যেভাবে 'স্যার' বলা হয়, তাকেও একইভাবে সম্বোধন করা উচিত।
এ বিষয়ে সাংবাদিক সামিউল ইসলাম আরিফ বলেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক পারস্পরিক সম্মান ও পেশাগত সৌজন্যের ভিত্তিতে গড়ে ওঠে। অতীতে ওই দপ্তরের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করলেও কখনো নির্দিষ্ট সম্বোধন ব্যবহারের কোনো শর্তের মুখোমুখি হতে হয়নি। তার ভাষ্য, তথ্য প্রদানকে কোনো নির্দিষ্ট সম্বোধনের সঙ্গে যুক্ত করা পেশাগতভাবে গ্রহণযোগ্য নয়।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাকে 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করলে ভালো শোনায়, কিন্তু কাউকে এভাবে ডাকতে বাধ্য করা হয়নি।
এ বিষয়ে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল বলেন, সরকারি কর্মকর্তাকে 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। কে কীভাবে সম্বোধন করবেন, তা ব্যক্তিগত বিষয়। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল পেশাজীবী হিসেবে সরকারি কর্মকর্তাদের সম্মান দেখানো উচিত। তবে কোনো নির্দিষ্ট সম্বোধন চাপিয়ে দেওয়া সমর্থনযোগ্য নয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক উভয়েই নিজ নিজ দায়িত্ব পালন করেন। পারস্পরিক সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও নির্দিষ্ট সম্বোধনকে বাধ্যতামূলক করার দাবি প্রশাসনিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।