চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া হাজি জয়নাল কোম্পানির বাড়িতে রবিবার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি থানায় নিয়ে আসেন।
এসআই আসাদ জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা বলেন, গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।