প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকটির দীর্ঘ ২৫ বছরের অর্জন, গ্রাহকসেবায় অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
রবিবার (৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলগেট সংলগ্ন ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. রিকুল ইসলামের সভাপতিত্বে এবং মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিজিওনাল প্রধান মো. ইকরাম হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুর শাখার কর্মকর্তা মোরশেদা আক্তার ও শারমিন আক্তার।
আলোচনা সভায় ব্যাংকের গ্রাহক, হিসাবধারী, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সহায়তা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অবদানের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের ব্যাংকিং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবার আওতায় আনতে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষ থানীয় ও দ্রুত বিকাশমান বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত।