চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে প্রায় ৩ কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় আকারের ইলিশের ব্যাপক চাহিদা থাকায় মাছটির দাম এত বেশি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রবিবার (৫ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য বড়স্টেশন মাছ ঘাটে আনা হয়। পরে নিলামে চাঁদপুরের অনলাইন ব্যবসায়ী অনিক মাছটি কিনে নেন। পরে তার ব্যবসায়িক অংশীদার, ‘চাঁদপুরের রুপালী ইলিশের বাজার 2.com’-এর স্বত্বাধিকারী হাবিব মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। পরে এটি চাঁদপুরের বড়স্টেশন মাছ ঘাটে আনা হলে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে প্রতি মণ ৩ লাখ ১০ হাজার টাকা হিসেবে মাছটি বিক্রি হয়। সে হিসাবে প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৭ হাজার ৭৫০ টাকা।
অনলাইন ব্যবসায়ী অনিক বলেন, বড় আকারের ইলিশের চাহিদা সবসময়ই বেশি। এ ধরনের মাছের জন্য আগেই ক্রেতাদের অর্ডার থাকে। তাই দাম বেশি হলেও মাছটি কেনা হয়েছে। এটি শুধু ব্যবসার বিষয় নয়, অনেকটা শখ ও আবেগেরও বিষয়। গত কয়েক বছরে এত বড় ইলিশ ঘাটে আসেনি।
এদিকে, রবিবার ঘাটে বিভিন্ন আকারের ইলিশও বিক্রি হয়েছে। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশের দাম ছিল ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। ১ দশমিক ১ থেকে ১ দশমিক ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ৩০০ টাকায়। দেড় কেজির ইলিশের দাম ছিল প্রায় ৪ হাজার টাকা। ২ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকায় এবং প্রায় ৩ কেজি ওজনের ইলিশের দাম ছিল ৭ থেকে ৮ হাজার টাকা।
ইলিশ ব্যবসায়ী সাইফুল বলেন, এত বড় আকারের ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই এসব মাছের বাজারমূল্যও অনেক বেশি। বড় ইলিশের জন্য অনেক ক্রেতা আগে থেকেই অর্ডার দিয়ে রাখেন।
ঢাকা থেকে ইলিশ কিনতে আসা জয়নাল নামে এক ক্রেতা বলেন, "ইলিশের যে দাম দেখছি, তা অবিশ্বাস্য। এভাবে দাম বাড়তে থাকলে ভবিষ্যতে হয়তো ইলিশ খাওয়া নয়, শুধু ছবিই দেখতে হবে।"
‘চাঁদপুরের রুপালী ইলিশের বাজার 2.com’-এর স্বত্বাধিকারী হাবিব বলেন, "অনেকদিন ধরেই কয়েকজন ক্রেতার কাছ থেকে বড় ইলিশের অর্ডার ছিল। তিন কেজির কাছাকাছি একটি ইলিশ ঘাটে এসেছে শুনেই নিলামে অংশ নিই। মাছটি কিনতে পেরে খুবই আনন্দিত। পরে এটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।"