নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা কানার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কানিয়ালখাতা কলেজ পাড়া কালিতলা এলাকার ডারকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৮) ও সদর উপজেলার কুন্দপুকুর সুঠিপাড়া গ্রামের নমির উদ্দিন ওরফে মেহের চাঁদের ছেলে মুমিন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে পাকারমাথা কানার বাজার এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই নিহত দুই শ্রমিকসহ অন্যান্যরা সেখানে কাজ শুরু করেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন অফিসের এজিএম রুম্মন ইসলাম বলেন,ওই এলাকায় নতুন ৩৩ কেবি লাইন নির্মাণের জন্য পোল (খুঁটি) গারার কাজ করছিল, তারা লাইন সাটডাউন না নিয়ে পোল মাটিতে গারার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।