সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নামে তুলে নিয়ে নাতনিকে উপহার দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়েছে। শুক্রবার জেলা জামায়াতের রোকন সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে কোটচাঁদপুর আল-ফালাহ ইসলামী সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জামায়াতের রোকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এ সিদ্ধান্তের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা আমিরের দায়িত্ব দেওয়া হয় শিক্ষক আজিজুর রহমানকে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুব মিডিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম।
জানা গেছে, গত ২৪ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ২৪টি বাইসাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
অভিযোগ রয়েছে, ওই বিতরণ কর্মসূচিতে একটি বাইসাইকেল মাদ্রাসাছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখিয়ে নিজেই স্বাক্ষর করে গ্রহণ করেন তাজুল ইসলাম। পরে সেটি তাঁর নাতনিকে উপহার দেন। বাইসাইকেল গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে বিষয়টি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নজরে এলে তাঁর নির্দেশে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাইসাইকেলটি ফেরত দেন তাজুল ইসলাম।
ঘটনার পর দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জামায়াত তাঁকে উপজেলা আমিরের পদ থেকে সাময়িক অপসারণের সিদ্ধান্ত নেয়।