বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং তার বাগদত্তা ট্র্যাভিস কেলসি-এর বিয়ের আনুষ্ঠানিক আয়োজন ঘিরে জোর গুঞ্জনে মুখর হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটি। শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারকা জুটি।
গুঞ্জন এতটাই তীব্র যে, অনেকেই সম্ভাব্য এই আয়োজনকে ‘যুক্তরাষ্ট্রের রাজকীয় বিয়ে’ বলেও অভিহিত করছেন। যদিও বিয়ের অনুষ্ঠান আদৌ অনুষ্ঠিত হচ্ছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কালো রঙের একাধিক এসইউভি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সাদা তাবুর আড়ালে অতিথিদের নামিয়ে দেওয়ার দৃশ্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। মার্কিন সংবাদমাধ্যমগুলোর ধারণা, এটি ছিল বিয়ের আগের নৈশভোজ বা অনুষ্ঠানের মহড়ার অংশ।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের আয়োজনে প্রায় ১০০ অতিথি উপস্থিত ছিলেন। আর শুক্রবারের সম্ভাব্য মূল অনুষ্ঠানে এক হাজার পর্যন্ত অতিথি অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানস্থলের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতির আবেদন করা হয়েছিল। তবে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।
সম্ভাব্য অতিথি তালিকায় রয়েছেন পপ তারকা সাব্রিনা কার্পেন্টার, ডুয়া লিপা, সেলেনা গোমেজ এবং এড শিরান। তবে তাদের উপস্থিতির বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর এখন এই বহুল আলোচিত আয়োজনের দিকে। তবে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টিই গুঞ্জনের পর্যায়েই রয়েছে।