বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটারের প্রায় ৮৪ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা নির্বাচনকে অংশগ্রহণমূলক করেছে।
নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ভোটগ্রহণ শেষে উপস্থিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা স্থগিত রাখা হয়। এরপর আবারও ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানিয়েছেন, ভোট গণনার কাজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই ঘোষণা করা হবে শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক প্যানেলে সভাপতি পদে লড়ছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে।
কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আগামী দুই বছর, তার উত্তর মিলবে ভোট গণনা শেষে।