বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে প্রার্থী, চলচ্চিত্র শিল্পী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে এফডিসি। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এবং রাতেই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, বিরতির আগে প্রথম সাড়ে তিন ঘণ্টায় ১০২ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১৮ শতাংশ।
ভোটের দিন নানা আয়োজনেও ছিল ভিন্নতা। অভিনেতা শম্ভু সরকার সঞ্জয় ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ভোটকেন্দ্রে এসে উপস্থিত সবার নজর কাড়েন। তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন তাঁর কাছে উৎসবের মতো, তাই প্রতি নির্বাচনেই ব্যতিক্রমীভাবে অংশ নেন। অন্যদিকে অভিনেতা ডা. এজাজুল ইসলাম সকালে ভোট দিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে ফিরে যান। তিনি সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
এবারের নির্বাচনকে ঘিরে নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে কিছু বিতর্কও দেখা দিয়েছে। গঠনতন্ত্রে পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ের শর্ত থাকলেও, চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দুইটি চলচ্চিত্রে অভিনয় করা কয়েকজনকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
নিরাপত্তা নিশ্চিত করতে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা করা হবে। সবকিছু ঠিক থাকলে একই রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। আরমান–মুক্তি পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপরদিকে শিবা শানু–জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।