বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে শিল্পীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। তিনি বলেছেন, শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়। কেউ রাজনীতি করতে চাইলে অভিনয় ছেড়ে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবুল হায়াত বলেন, আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত না। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।
তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ না করেই বলেন, একজন শিল্পীর সবার কাছে গ্রহণযোগ্য থাকা জরুরি। তাই রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পচর্চাকে প্রাধান্য দেওয়াই উচিত বলে তিনি মনে করেন।
এদিকে, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দিনভর এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।
ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে।