ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় রূপ না নেয়, সে জন্য রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। থানা-পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরাও এসব স্থানে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যা মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হচ্ছে। এসব স্থানের তালিকা করে সংশ্লিষ্ট থানাগুলোকে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিবিও নিজস্বভাবে নজরদারি করবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলার আনন্দ যেন কেবল আনন্দেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই তা সংঘর্ষ বা সহিংসতায় রূপ না নেয়। খেলায় হার-জিত থাকবেই, তাই প্রতিপক্ষের মতামত ও সমর্থনকে সম্মান জানিয়ে সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
ডিবি জানায়, গত সোমবার রাতে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিরোধের সূত্রপাত হয়। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কয়েকজন কিশোর ঢোল-বাঁশি বাজিয়ে আনন্দ প্রকাশ করলে তাদের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে বিএনপির স্থানীয় ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান নামে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। পুলিশ জানায়, তাদের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেন। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এদিকে হামলায় আহত স্থানীয় ইউনিট বিএনপির সভাপতি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি।