মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় থাকলেও কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদক কারবারিদের উদ্দেশে বলেন, এখনই এ পথ থেকে সরে দাঁড়ান। অন্যথায় বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া যাবে না।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারভিত্তিক সহায়তার অংশ হিসেবে নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে প্রয়োজনীয় ব্যয় মেটানোর পাশাপাশি অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।
তিনি আরও বলেন, একজন মা আর্থিকভাবে স্বাবলম্বী ও সচেতন হলে তার সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। ফলে এ ধরনের সহায়তা শুধু অনুদান নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।