সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করবে সমাজসেবা অধিদপ্তর। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে যারা আগে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিকসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও অনলাইনে নেওয়া হবে।
আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
আগ্রহীরা নির্ধারিত সময়ে dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধাভোগীরা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।
নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
এদিকে আবেদন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে। একই সঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং আবেদন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস