আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী আগস্টের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন ভোটারদের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, এ সময়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি চলছে। সরকার সিদ্ধান্ত নিলেই নির্বাচন আয়োজন করতে কমিশন প্রস্তুত থাকবে। ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ৩১ জুলাই পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী। তবে মামলা, সীমানা জটিলতা ও অন্যান্য কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২০২৭ ও ২০২৮ সালের দিকে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি বর্তমানে নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় আপাতত নির্বাচন সম্ভব নয়।
রোডম্যাপ অনুযায়ী, নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট ৫০০টি উপজেলা রয়েছে। বর্তমানে কোনো উপজেলাতেই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সবগুলো উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি নেই। ফলে সবগুলো সিটি করপোরেশনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে।