২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সাফাই সাক্ষী দিতে ট্রাইব্যুনালে আসেন সুখরঞ্জন বালী। ওই সময় হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে জোরপূর্বক ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।