এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে শনিবার (৪ জুলাই) ‘ক্লিনিং ডে’ পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উপলক্ষে নগরবাসীকে নিজ নিজ বাসা, ভবনের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৩ জুলাই) ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে আরও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসাবাড়ির পাশাপাশি সরকারি-বেসরকারি দপ্তর, আবাসিক কোয়ার্টার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মার্কেট, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটেও নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
ডিএসসিসি জানিয়েছে, জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ এডিস মশার বংশবিস্তারের প্রধান কারণ। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে সবাইকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।