ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের সেল সারদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ফতুল্লা থানার এসআই শামীম ও এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
জাকির ফতুল্লার মাসদাইর এলাকার জিন্নাত আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকিরকে আটক করা হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।