
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নাছিরের দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক নাছির বলেন, প্রতিদিনের মতো দোকানদারি শেষে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। দোকানে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ঘরেও আগুন লেগে যায়। ঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। পরে আশপাশের লোকজন চিৎকার শুরু করে।
খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে দোকানে থাকা ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার সঙ্গে এলাকার কিছু লোকের পূর্ব শত্রুতা রয়েছে। তার ধারণা, সেই জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
খবর পেয়ে সকালে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।