এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

আমতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীর পাটাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও সভাপতি নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ

2026-07-02T19:10:17+00:00
2026-07-02T19:10:17+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়
এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ
আমতলী (বরগুনা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম 
ছবি ভোরের ডাক
বরগুনার আমতলীর পাটাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও সভাপতি নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ও অভিভাবক রেমা বেগম। অভিযোগের পর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে রেমা বেগম দাবি করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়নি। স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার পরিবর্তে একটি প্রভাবশালী মহলের প্রভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত অভিভাবকদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের সন্তান অন্য একটি বেসরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত থাকা সত্ত্বেও তার প্রভাব খাটিয়ে স্বামী আব্দুর রাজ্জাককে অভিভাবক প্রতিনিধি করা হয়। পরে তার ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন সম্পন্ন করা হয়েছে, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন রেমা বেগম।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, অনেক শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন। অনেক সময় একাধিক শিক্ষক একই দিনে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগকারী জানান, গত ২৯ জুন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা বিদ্যালয় পরিদর্শন করে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগে উল্লিখিত বিভিন্ন বিষয়ের প্রাথমিক সত্যতা সম্পর্কে তারা অবগত হন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বিদ্যালয়ের সার্বিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে বর্তমান ব্যবস্থাপনা কমিটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নতুন করে কমিটি গঠন এবং সভাপতি নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরু বেগম। তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভাপতি নির্বাচন সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: