কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম হিন্দুপাড়া টাইম বাজার থেকে ডেইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২,৫০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা, বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে ওই এলাকার প্রায় ১৬ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। বর্ষা মৌসুম শেষ হলে নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।