রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সদর সরকারি খাদ্যগুদামের সামনের পুকুরসংলগ্ন ময়লার ভাগাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।