নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি চাকার দোকানের ভলকানাইজ (এয়ার কম্প্রেসর) ট্যাংক বিস্ফোরণে অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় একটি মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, চাকার দোকানের ভলকানাইজ ট্যাংকটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে পাশের বিসমিল্লাহ হোটেলের একটি সিমেন্টের খুঁটি ভেঙে যায় এবং আশপাশের তিনটি দোকানে ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজাও খুলে উড়ে যায়।
ঘটনায় হোটেল কর্মচারী রবিউল (২২) মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-বারাকা হাসপাতালে ভর্তি করেন। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
স্থানীয় দোকানদার মাসুদ বলেন, ঘটনাটি ভোরে হওয়ায় মানুষের উপস্থিতি কম ছিল। তাই বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দিনের বেলায় হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।
কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য জানান, বিস্ফোরণের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন শ্রমিক আহত হয়েছেন। ভুক্তভোগীদের বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।